বারবার অভিযানের পরও উড়াল গ্যাস বন্ধ হয়নি, বাকাইল যেন বিস্ফোরণের অপেক্ষায়

1 min read 11 words 721 views

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলছে। এ কারণে গ্রামটি এখন উড়াল গ্যাসের গ্রাম হিসেবে বেশি পরিচিত।

রাস্তার দুই পাশে গাছের উপর ঝুলছে প্লাস্টিকের পাইপ। সেই পাইপ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে বিভিন্ন বাসা-বাড়িতে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামের চিত্র এটি।

কয়েক কিলোমিটার এলাকাজুড়ে গাছের উপর গ্যাসের পাইপ ঝুলে থাকার কারণে গ্রামটি এখন উড়াল গ্যাসের গ্রাম হিসেবে বেশি পরিচিত। মাঝে-মধ্যে অভিযান চালিয়ে এসব উড়াল গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পরবর্তী সময়ে আবারও সংযোগ দেওয়া হয়। ফলে গ্যাসের এই ঝুঁকিপূর্ণ ব্যবহার রোধ করতে না পারায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা গেছে, এক যুগেরও বেশি সময় আগে বাকাইল গ্রাম সংলগ্ন তিতাস নদীর কয়েকটি স্থানে গ্যাসের উদগিরণ শুরু হয়। মূলত তিতাস গ্যাস ফিল্ডের ৩নং কূপ খননের সময় লিকেজের কারণেই এই গ্যাসের উদগিরণ হয় বলে জানা গেছে।

কূপের গ্যাস মাটির উপরের স্তরে চলে আসে এবং মাটির ফাঁক-ফোকর দিয়ে নলকূপ, নদীর পাড়, জমির আইল এবং বাড়ির আঙিনা দিয়ে গ্যাস উদগিরণ হতে থাকে। গ্যাসের এই উদগিরণ বন্ধ করতে ব্যর্থ হয়ে ২০০৮ সালে ৩নং কূপটি পরিত্যক্ত ঘোষণা করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। এরপর থেকে গ্যাসের উদগিরণও কমে আসে।

বাকাইল গ্রামের বাসিন্দারা উদগিরণ হওয়া এই গ্যাস যথাযথ প্রক্রিয়ায় সরবরাহের দাবি জানালেও নিরবিচ্ছিন্ন গ্যাস প্রবাহ না থাকায় বিজিএফসিএল এই গ্যাস সংরক্ষণ বা উত্তোলনে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিতে পারছে না।

বিজিএফসিএল সূত্রে জানা গেছে, এই গ্যাস কূপের গভীরের লিকেজ হওয়া পকেট গ্যাস। এক সময় শেষ হয়ে যাবে। তবে বাণিজ্যিকভাবে এই গ্যাসের ব্যবহার বৈধ নয়। আর এই গ্যাস দিয়ে বাণিজ্যিক কোনো প্ল্যান্টও করা সম্ভব না। কারণ নিরবিচ্ছিন্ন গ্যাস প্রবাহ না থাকলে কোনো প্ল্যান্ট করা যাবে না। যেখানে নিরবিচ্ছিন্ন গ্যাস থাকবে সেখানেই প্ল্যান্ট হবে।

সূত্র আরও জানায়, বাকাইল গ্রামে নিরবিচ্ছিন্ন গ্যাসের প্রবাহ নেই। উদগিরিত গ্যাস সাধারণত নলকূপ স্থাপনের জন্য যতটুকু গভীরতা প্রয়োজন সেটুকু গভীরের গ্যাস। আর বিভিন্ন বাসা-বাড়িতে বিজিএফসিএল’র উৎপাদিত যে গ্যাস সরবরাহ করা হয় তা অনেক গভীর এবং প্রেসারের।

সরেজমিনে বাকাইল গ্রামে গিয়ে দেখা গেছে, তিতাস নদীর যেসব স্থানে গ্যাস উদগিরণ হয় সেখানে অপরিকল্পিতভাবে ড্রামে করে পানিসহ গ্যাস উত্তোলন করা হচ্ছে। এরপর একটি পাইপ দিয়ে পানি বের করে আরেকটি পাইপ দিয়ে উত্তোলিত গ্যাস বিভিন্ন বাসা-বাড়িতে সরবরাহ করা হচ্ছে। গ্রামের কয়েকশ’ ঘর-বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। কয়েকটি চুন ও চুড়ি কারখানাও চলে বিজিএফসিএল’র এই পকেট গ্যাস দিয়ে। তবে এই গ্যাসের প্রেসার উঠা-নামা করে।

যেখানেই পকেট গ্যাসের অস্তিত্ব রয়েছে সেখানেই নলকূপ বসিয়ে পানিসহ গ্যাস উত্তোলন করে ড্রামে সংরক্ষণ করছে একটি চক্র। এরপর ড্রাম থেকে প্লাস্টিকের পাইপের মাধ্যমে বিভিন্ন বাসা-বাড়িতে বাণিজ্যিকভাবে সরবরাহ করছে তারা।

উদগিরণ হওয়া এই গ্যাস দিয়ে দীর্ঘদিন ধরে রমরমা বাণিজ্য করে আসছে ওই চক্রের সদস্যরা। একটি সিঙ্গেল চুলার জন্য ২৫০-৩০০ টাকা নিয়ে থাকে চক্রটি। তবে গ্রামের বাসিন্দারা অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া চক্রের সদস্যদের বিরুদ্ধে মুখ না খোলায় তাদেরকে শনাক্ত করতে পারছেনা প্রশাসন। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না।

তবে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে দেওয়া গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্নসহ গাছের ওপর দিয়ে নেওয়া পাইপগুলো অপসারণ করে থাকে। কিন্তু অভিযানের পর রাতের আঁধারে আবারও গ্যাস সংযোগ দেয় চক্রটি। এভাবে গ্যাসের ব্যবহারে ঝুঁকি আছে জেনেও গ্যাস সংযোগ নিচ্ছে গ্রামের সাধারণ মানুষ।

মূলত ওই এলাকায় সরকারিভাবে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকায় স্থানীয়রা ঝুঁকি নিয়েই উড়াল গ্যাস ব্যবহার করছে। তবে তারা এভাবে গ্যাস ব্যবহার না করে সরকারিভাবে বৈধ উপায়ে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

বাকাইল গ্রামের বাসিন্দা জানান, আমাদের গ্রামের চতুর্দিকে গ্যাস রয়েছে। গ্রামের অনেকেই এই গ্যাস ব্যবহার করছে। কিন্তু আসলেই এই গ্যাসের ব্যবহার ঝুঁকিপূর্ণ।  ‘‘যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু সরকারিভাবে গ্যাস না পেয়ে বাধ্য হয়ে আমাদের অবৈধভাবে এই গ্যাস ব্যবহার করতে হচ্ছে।

গ্রামের মহিলারা বলেন, ‘‘গ্যাস ছাড়া তো আর চলা যায় না। রান্না করার সময় অনেক সতর্ক থাকি, এরপরও ভয়ে থাকি কখন আগুন লাগে। যে কোনো মুহূর্তে আগুন লেগে সবকিছু পুড়ে যেতে পারে। সরকারিভাবে গ্যাস দিলে তো আমাদের আর ঝুঁকি নিয়ে এই গ্যাস ব্যবহার করতে হতো না।’’

গ্যাসের ঝুঁকিপূর্ণ ব্যবহার বন্ধের ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ দিতে ওই গ্রামে একটি সিন্ডিকেট রয়েছে। কিন্তু গ্রামের লোকজন সেই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ না খোলায় তাদের চিহ্নিত করা যাচ্ছে না।

তিনি আরো বলেন ‘‘আমরা নিয়মিত সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছি। অচিরেই অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া সিন্ডিকেটের সদস্যদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে।’’

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এককর্মকর্তা জানান ‘‘বিজিএফসিএল’র একটা কূপ থেকে গ্যাস উত্তোলন করতে গিয়ে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছে। পরে তারা পরিত্যক্ত ঘোষণা করে চলে এসেছে। তবে উদগিরণ হওয়া এই গ্যাস কারো নিয়ন্ত্রণে নেই। কোথায় কোন দিক দিয়ে গ্যাস বেরুচ্ছে সেটাও নিশ্চিত করে বলা যাবে না। তবে এটার প্রেসার ধীরে ধীরে কমে যাচ্ছে।’’

এদিকে জেলা প্রশাসক দিদারুল আলম জানান , উড়াল গ্যাস একটি ভয়ঙ্কর অবৈধ পদ্ধতি, যা একদিকে যেমন জাতীয় সম্পদের অপচয় ঘটাচ্ছে, অন্যদিকে মানুষের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু বেআইনি নয়, এটি বিপজ্জনকও। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, “অবৈধ গ্যাস সংযোগের কারণে একদিকে যেমন সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে গ্যাস সঞ্চালন ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ পড়ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে আমরা কাজ করছি।”

 

 

Related Articles

গোপালগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যে মিলছে না এলপি গ্যাস

1 min read 7 words 436 views লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি: নতুন বছরের শুরুতে জেলায় এলপিজি সিলিন্ডারের বাজার তেঁতে ওঠে। ১২ কেজির সিলিন্ডার গ্যাস দেড়…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 513 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.3K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.6K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

Responses