মাওলানা ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ঢাকার বাইরে কর্মসূচি শুরু করবেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে প্রথমবারের মতো রাজধানী ঢাকার বাইরে কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই চারদিনব্যাপী উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে তিনি রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নানা কর্মসূচিতে অংশ নেবেন।

উক্ত সফর আগামী ১১ জানুয়ারি (রোববার) সকাল ৯টায় গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসভবন থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়ে শুরু হবে। দুপুর ১টায় তিনি টাঙ্গাইলের সন্তোষে উপমহাদেশের বিখ্যাত গণমানুষের নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার ঢাকার বাইরে প্রথম কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

ভাসানীর মাজার জিয়ারত শেষে বেলা ৩টায় যমুনার পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে যাত্রা বিরতি নেবেন। সন্ধ্যা নাগাদ বগুড়া পৌঁছে শহরের আলতাফুন্নেছা বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন এবং রাতে বগুড়ায় রাত্রিযাপন করবেন।

পরদিন ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বগুড়া থেকে রওনা হয়ে বেলা ২টায় রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। এরপর দিনাজপুরে তার নানী মরহুমা তৈয়বা মজুমদারের কবর জিয়ারত, আত্মীয়স্বজনের খোঁজখবর এবং জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। রাত ১১টায় দিনাজপুর থেকে রওনা হয়ে রাত ১টায় ঠাকুরগাঁও পৌঁছাবেন এবং সেখানে রাত যাপন করবেন।

১৩ জানুয়ারি সকাল ১০টায় ঠাকুরগাঁও থেকে পঞ্চঘরে দুপুর দেড়টায় জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। বিকালে নীলফামারী, সন্ধ্যায় লালমনিরহাটে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে রাত ১টায় রংপুর ফিরে রাত যাপন করবেন। ১৪ জানুয়ারি সকাল ১০টায় রংপুর থেকে বগুড়ার গাবতলী হয়ে ফের ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত ২টায় ঢাকায় পৌঁছাবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চারদিনব্যাপী এই উত্তরাঞ্চল সফরের জন্য সচিব এবিএম আব্দুস সাত্তার সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তাদের নিকট চিঠি দিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সফরটি সম্পূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান এবং নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি কোনোভাবে লঙ্ঘন হবে না।

উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত ‘ওয়ান ইলেভেন’ বা ১/১১ সেনাসমর্থিত বিশেষ সরকারের সময়ে গুরুতর অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর সাড়ে ৩ মাস পর ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। এরপর ৩০ ডিসেম্বর তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হয়।

সফরের নিরাপত্তা সমন্বয় করবেন সাবেক সেনাকর্মকর্তা ক্যাপ্টেন মো. গানিউল আজম, যিনি সম্প্রতি নিরাপত্তা টিমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এভাবে চারদিনব্যাপী উত্তরাঞ্চল সফরের মাধ্যমে তারেক রহমান রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক কর্মসূচি সম্পন্ন করবেন।

Related Articles

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের…

দীর্ঘ ২২ বছর পর সিলেটে তারেক রহমান, নির্বাচনি প্রচারণা শুরু; উৎসবের নগরীতে ৬ স্তরের নিরাপত্তা

দীর্ঘ ২২ বছর পর সিলেটে এসে পৌঁছেছেন বিএনপির প্রধান তারেক রহমান। বুধবার রাত ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে। আসন্ন ত্রয়োদশ…

নিসর্গে তুমি : লিটন হোসাইন জিহাদ

রাত্রির অন্ধকার কাটিয়ে ভোরের আলো ধীরে ধীরে গ্রামটাকে জাগিয়ে তুলছিল। চারপাশে একরাশ কুয়াশা, যেন প্রকৃতি নিজের শরীর জড়িয়ে রেখেছে শুভ্র চাদরে। বটগাছের পাতায় শিশিরের ঝিকিমিকি,…

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ, জানাজায় প্রস্তুত রাজধানী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। তাকে বহন করা হয়েছে লাল-সবুজ রঙের…

গুলশানে মনোনয়নের জন্য ডাক পেলেন পটুয়াখালীর চার বিএনপি নেতা!

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের ডাকে সাক্ষাৎকারে অংশ নিয়েছেন পটুয়াখালী জেলার চার প্রভাবশালী নেতা। শনিবার বিকেলে গুলশান বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত…

Responses