সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযান: ৯ কোটি টাকার ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট জব্দ
চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্ট গার্ড শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি টাকা মূল্যের ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট জব্দ করেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং ১,২৯৮ কার্টুন বিদেশি সিগারেট পাচার করা হচ্ছে। শনিবার রাত ৯টায় ভাটিয়ারী কোস্ট গার্ড স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। এ সময় ভ্যানের চালক ও হেল্পারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে।
সিয়াম-উল-হক আরও জানিয়েছেন, দেশের শুল্ক ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে সীমান্তে পাচার রোধ ও আইনশৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করা হয়।

Responses