বিকেল পাঁচটার মধ্যে কার্যালয়ে প্রবেশকারীদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

1 min read 2 words 22 views

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে ঢাকা বিভাগের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, আজ বিকেল পাঁচটার মধ্যে যারা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘সকাল থেকে লক্ষ করছি, প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিকেল পাঁচটা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আমরা প্রার্থীদের পরামর্শ দিয়েছি, যেন মনোনয়ন জমার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

মনোনয়নপত্র জমার সংখ্যা সম্পর্কে জানতে চাইলে বিভাগীয় কমিশনার বলেন, ‘এখনো চূড়ান্ত হিসাব হয়নি। বিকেল পাঁচটার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব। পাঁচটার মধ্যে যারা আমাদের কম্পাউন্ডে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

মনোনয়ন জমায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা গেছে, দুই-তিনজন প্রার্থী একসঙ্গে হলে প্রবেশ করছেন। জুনিয়র-সিনিয়রদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্মানবোধ ও সহযোগিতার দৃশ্য আমাদের আশাবাদী করছে। এ ধারা বজায় থাকলে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, বিপুলসংখ্যক গণমাধ্যমের উপস্থিতি প্রমাণ করে, নির্বাচন নিয়ে তাদের আগ্রহ ও নজরদারি রয়েছে। গণমাধ্যম সজাগ থাকলে যেকোনো অপতৎপরতা মোকাবিলা করা সম্ভব হবে।

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আপাতত বড় কোনো ঝুঁকি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নেই। আচরণবিধি কঠোরভাবে মানার বিষয়ে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে নির্দেশনা দেওয়া হবে।

ঢাকা শহরে পোস্টার ও দেয়াললিখন অপসারণের বিষয়ে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, তফসিল ঘোষণার পর থেকেই ঢাকার দুই সিটি করপোরেশন নিয়মিত পরিষ্কার কার্যক্রম চালাচ্ছে। কোথাও অনিয়মের খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 627 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

জুলাই জাতীয় সনদে সম্মতি নেবে গণভোট, সংসদ গঠনে ভোট ১২ ফেব্রুয়ারি

1 min read 5 words 633 views নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে…

ভোটের দিন যত এগিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে: সিইসি

1 min read 2 words 132 views প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যত এগিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.4K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

Responses