-
Fahmida posted an update
ছাগলনাইয়ায় সড়ক সংস্কারের দাবিতে তরুণ ও প্রবাসীদের মানববন্ধন, চরম দুর্ভোগে এলাকাবাসী
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কন্ট্রাক্টর মসজিদ বাজার–চৌধুরী বাজার–নাপিতঘাট সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলাকার তরুণ সমাজ ও প্রবাসীদের উদ্যোগে রবিবার (২২ মার্চ) বিকেলে কন্ট্রাক্টর মসজিদ বাজার এলাকায় ছাগলনাইয়া-ফেনী সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং সড়ক সংস্কারের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে এ সড়কে চলাচল প্রায় অচল হয়ে পড়ে এবং দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
মানববন্ধনে বক্তব্য দেন কবি ও সাংবাদিক সবুজ আহমেদ এবং বেগম শওকতারা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম। এছাড়া তরুণদের মধ্যে উপস্থিত ছিলেন আজিম, কাজী হাসিব, অলিন পাটোয়ারী সিপন, হৃদয়, সাইফুল ইসলাম, কাজী আরেফিনসহ আরও অনেকে।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তারা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উক্ত মানববন্ধন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওমান প্রবাসী রেজাউল করিম (জনি)।
অনলাইন মিডিয়ায় সার্বিক সহযোগিতায় সার্বক্ষণিক ছিলেন ওমান প্রবাসী বাংলাদেশি রেজাউল করিম (জনি) (Razaul Karim Jony)।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যারা মূল্যবান সময় ব্যয় করে এই মানবিক উদ্যোগকে সফল করেছেন।
