-
Liton Hossain Jihad posted an update
পানি বন্দি দুই গ্রাম: মানববন্ধনের পর এমপি রুমিন ফারহানার গাড়ি থামিয়ে এলাকাবাসীর আহাজারি
লিটন হোসাইন জিহাদ,ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ইউনিয়নের নিজ সরাইল ও ছোটদেওয়ানপাড়া গ্রামের মানুষের দুর্ভোগ যেন থামছেই না। বছরের পর বছর জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করলেও মিলছে না কোনো স্থায়ী সমাধান। অবশেষে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। পরে স্থানীয় সংসদ সদস্যের গাড়ি থামিয়ে নিজেদের দুর্দশার কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন অনেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ সরাইল ও ছোটদেওয়ানপাড়া গ্রামের মাঝখানে পাকিস্তান আমলের একটি সরকারি খাল রয়েছে। একসময় এই খাল দিয়ে নৌ চলাচল হতো এবং সরাইল বাজারে পণ্য আনা-নেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খালটি এখন প্রায় অস্তিত্ব সংকটে পড়েছে।
অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। পাশাপাশি খালে ময়লা-আবর্জনা ফেলার কারণে পানির স্বাভাবিক প্রবাহ সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই দুই গ্রামে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বাড়িঘর পানির নিচে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় দুই শতাধিক পরিবার।
এলাকাবাসী জানান, পানি জমে থাকায় শিশু ও বৃদ্ধদের মধ্যে বিভিন্ন পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েড, চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। বিশেষ করে জরুরি রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সিজারিয়ান রোগীদের নিয়ে সময়মতো হাসপাতালে পৌঁছানো অনেক সময় অসম্ভব হয়ে পড়ে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
ভুক্তভোগীরা আরও জানান, এ সমস্যার সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) বরাবর একাধিক লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, অবিলম্বে সরকারি খালটি দখলমুক্ত ও খনন করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে। অন্যথায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা তাদের।
