দখল-দূষণে মৃতপ্রায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের খনন কাজ শুরু
মো মনির হোসেন: দীর্ঘদিন ধরে দখল ও দূষণে মৃতপ্রায় হয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী টাউন খাল পুনরুদ্ধারের লক্ষ্যে খনন কাজ শুরু হয়েছে। শহরের জলাবদ্ধতা নিরসন এবং নৌযান চলাচলের সুবিধা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় শহরের থানাব্রিজ এলাকার অংশে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জানা যায়, ব্রিটিশ শাসনামলে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা ও নৌপথে যাতায়াতের সুবিধার্থে টাউন খাল খনন করা হয়। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই খালটি শহরের টানবাজার এলাকা থেকে শুরু হয়ে গোকর্ণ ঘাটে গিয়ে শেষ হয়েছে। খালটির উভয় প্রান্তই তিতাস নদীর সঙ্গে সংযুক্ত ছিল, যা একসময় শহরের প্রাণস্রোত হিসেবে পরিচিত ছিল।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অবৈধ দখল, ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলার কারণে খালটির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। এমনকি বর্ষা মৌসুমেও খালে পানি না থাকার মতো করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা বেড়ে যায় এবং পরিবেশগত ঝুঁকিও তৈরি হয়।
এই পরিস্থিতিতে টাউন খাল পুনরুদ্ধারের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে খনন কাজ শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা।
খনন কাজের উদ্বোধন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “খালের দূষণ বন্ধে বাসাবাড়ি থেকে যেন কেউ ময়লা-আবর্জনা খালে না ফেলে, তা নিশ্চিত করা হবে। এ জন্য পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নির্দিষ্ট ফির বিনিময়ে বাসাবাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করবেন।”
তিনি আরও জানান, খনন কাজ শেষ হওয়ার পর খালের দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পাশাপাশি নগরবাসীর চলাচল ও বিনোদনের সুবিধার্থে খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদসহ পৌরসভা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Responses