ভোট পুনঃগণনার দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর, শপথ স্থগিতের আবেদন
ঢাকা-৮ আসনের নির্বাচনী ফলাফল ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী। ভোট পুনঃগণনার পাশাপাশি ঘোষিত ফলাফলের ভিত্তিতে বিজয়ী প্রার্থীর শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বরাবর গতকাল শনিবার লিখিত আবেদন করেন নাসিরুদ্দীন পাটওয়ারী। তাঁর পক্ষে আজ রোববার নির্বাচন কমিশনে আবেদনটি জমা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে ১১ দফায় ১২টি কেন্দ্রের বিভিন্ন অনিয়মের অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
আবেদনে তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তাঁর সমর্থকরা ভোটগ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, ভোট রিগিং, ফলাফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো নানা অনিয়মে জড়িত ছিলেন। এমনকি সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আসনের রিটার্নিং কর্মকর্তাও এসব অনিয়মে সম্পৃক্ত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
নাসিরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য অনুযায়ী, এসব কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাঁকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। তিনি নির্বাচন কমিশনের কাছে আইন ও বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন।
এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচন কমিশন আবেদনটি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। রাজনৈতিক অঙ্গনে এ আবেদনের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Responses