একনেকে ২২ প্রকল্প অনুমোদন, ব্যয় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা

1 min read 2 words 278 views

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এতে বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ২২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি ও সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৩টি। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে এক হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা পাওয়া যাবে।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন প্রমুখ।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সড়ক ও মহাসড়ক উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্থানীয় সরকার অবকাঠামো, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, কৃষি ও সমাজকল্যাণ খাতের একাধিক নতুন, সংশোধিত ও মেয়াদবর্ধিত প্রকল্প।

সভায় কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। নতুন এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৬২ কোটি ৯৯ লাখ টাকা, যা সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর।

দিনাজপুর সড়ক বিভাগাধীন হিলি স্থলবন্দর থেকে ডুগডুগি ঘোড়াঘাট পর্যন্ত জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনীও সভায় অনুমোদন দেওয়া হয়। সংশোধনের ফলে প্রকল্পটির ব্যয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৮৭ কোটি ৮৮ লাখ টাকা।

এছাড়া ঢাকা কাঁচপুর থেকে সিলেট ও তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর অংশে চতুর্থবারের মতো মেয়াদ বৃদ্ধি অনুমোদন দেওয়া হয়। একই সভায় নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন পায়, যেখানে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪০৪ কোটি ৪ লাখ টাকা।

Related Articles

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.7K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, ৯৪৭ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মেরামত কাজ

1 min read 8 words 110 views আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ৯৪৭টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও মেরামতের…

জুলাই জাতীয় সনদে সম্মতি নেবে গণভোট, সংসদ গঠনে ভোট ১২ ফেব্রুয়ারি

1 min read 5 words 633 views নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থাকবে…

কর্মকর্তারা বিশ্বরোড়ে আছেন কিনা দেখতে ভিডিও কল দিলেন সড়ক উপদেষ্টা

1 min read 14 words 424 views কর্মকর্তারা সড়কে আছেন কিনা তা নিশ্চিত হতে ভিডিও কল দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ…

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা, তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণা

1 min read 2 words 54 views বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসে সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ…

Responses