ডিমেনশিয়া আক্রান্তদের স্বাধীনতায় জোর: নেদারল্যান্ডসের নার্সের নতুন বার্তা
স্বাস্থ্য ডেস্ক: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় এবং তাদের সার্বিক স্বাধীনতা নিশ্চিত করতে এক নতুন ও বৈপ্লবিক দৃষ্টিভঙ্গির আহ্বান জানিয়েছেন নেদারল্যান্ডসের নার্স ট্যুন টুবেস এবং চলচ্চিত্র নির্মাতা জোনাথন ডি জং। তাদের নির্মিত ‘হিউম্যান ফরএভার’ নামক বই ও প্রামাণ্যচিত্রে এ বিষয়ে বিষদ তুলে ধরা হয়েছে।
ট্যুন টুবেস ১৭ বছর বয়সে একজন শিক্ষানবিশ নার্স হিসেবে প্রথম একটি কেয়ার হোমে কাজ শুরু করেন। সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, কেয়ার হোমটির ‘রুদ্ধদ্বার বিভাগে’ বাসিন্দাদের ভেতরে আটকে রাখা হতো। এটি দেখে তার মনে হয়েছিল, ডিমেনশিয়া আক্রান্তদের সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছি।
পরবর্তী সময়ে ডিমেনশিয়া সেবার প্রকৃত চিত্র এবং এর উন্নয়নের উপায় খুঁজতে নতুন এক যাত্রায় নামেন তারা। ট্যুন নিজে কয়েক বছর ধরে নেদারল্যান্ডসের বিভিন্ন কেয়ার হোমে বসবাস করেন। পরবর্তীতে জোনাথন ডি জংকে সাথে নিয়ে তিনি বিশ্বজুড়ে ডিমেনশিয়া সেবার সেরা উদাহরণগুলো খুঁজে বের করতে সফর শুরু করেন।
তাদের এই দীর্ঘ পথচলার ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে ‘হিউম্যান ফরএভার’ প্রামাণ্যচিত্রটি। সম্প্রতি সাংবাদিক হেলেন পিডের সাথে আলাপে তারা ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় এক নতুন ও মৌলিক পরিবর্তন আনার প্রস্তাব দেন।
তাদের মূল লক্ষ্য হলো সেবা কেন্দ্রে থাকা মানুষদের স্বাধীনতা সর্বোচ্চ পরিমাণে বাড়ানো। বন্ধ ঘরে বন্দি না রেখে পোষা প্রাণী রাখা, রান্না করা কিংবা একা একা হাঁটার মতো স্বাভাবিক কাজের সুযোগ করে দেওয়ার মাধ্যমে রোগীদের মানসিক ও সামাজিক জীবনের মান উন্নত করার তাগিদ দিয়েছেন তারা।
সূত্র: The Guardian – Health

Responses