পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় হাইকমিশনারকে ডেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।
হাইকমিশনারকে জানানো হয়েছে, ভারতে অবস্থান করা শেখ হাসিনা বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্ন করা ও আসন্ন নির্বাচন বানচালের অসাধু উদ্দেশ্যে ক্রমাগতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ও তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর নির্দেশনা দিচ্ছেন।
তাই ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে, যেন তারা অনতিবিলম্বে তার (হাসিনা) এবং ভারতে পলাতক তার সাঙ্গ-পাঙ্গদের এ সব ফ্যাসিস্ট টেররিস্ট কর্মকাণ্ড বন্ধ করে দেয়।
সেই সঙ্গে ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ জানানো হয়েছে, শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীরা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা রোধে ভারত সরকার যেন বাংলাদেশকে সহযোগিতা করে। পাশাপাশি তারা পালিয়ে যেতে সক্ষম হলে তাদের যেন ভারতীয় কর্তৃপক্ষ অবিলম্বে পাকড়াও করার উদ্যোগ নেয় এবং বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করে।