ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের পুনিয়াউটস্থ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে জেলা মহিলা দলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ জহিরুল হক খোকন।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শুধু একটি সংগঠন নয়, এটি গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার সংগ্রামের পথ অনুসরণ করে মহিলা দল গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখবে।”
প্রধান বক্তা সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, “মহিলা দল দেশের প্রত্যন্ত অঞ্চলে গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে যাচ্ছে। আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে মহিলা দলের সাহসী ভূমিকা আরো জোরদার হবে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সামছুন নাহার বেগম। তিনি বলেন, “আমরা শুধু নারী হিসেবে নয়, এই দেশের গণতন্ত্র রক্ষার সৈনিক হিসেবে কাজ করছি। আমাদের ঐক্যই হবে আগামীর শক্তি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট মোঃ শফিকুল ইসলাম, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, এবিএম মমিনুল হক, নজীর উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আজ্জম, যুবদলের সভাপতি শামীম মোল্লা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মহিলা দল আজ দেশের প্রতিটি আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে।
শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন নেতৃবৃন্দ ও উপস্থিত কর্মীরা।

Responses