Lifestyle ডেস্ক: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ন
গ্রীষ্মের উষ্ণতা পার হয়ে শরতের আগমনী বার্তা ছড়ানোর এই সময়ে পোশাক নির্বাচনে আসে এক বিশেষ পরিবর্তন। ফ্যাশন বিশেষজ্ঞ জেস কার্টনার-মরলির মতে, বছরের এই সময়টিতে পোশাক পরা বেশ আনন্দদায়ক। কারণ গ্রীষ্মকালের মতো অতিরিক্ত গরম বা ঘাম ঢাকার চিন্তা যেমন থাকে না, তেমনি তীব্র শীতের ভারী পোশাক পরার প্রয়োজনও এখনও তৈরি হয়নি। ফলে সাধারণ পোশাকের ভেতরেই স্টাইল ফুটিয়ে তোলার চমৎকার সুযোগ মিলছে এই সময়ে।
শরতের শুরুর এই সময়ের আবহাওয়া পোশাক পরার জন্য বসন্তের চেয়েও বেশি আকর্ষণীয় হতে পারে। কারণ মানুষের মধ্যে তখনও গ্রীষ্মের মুক্ত ও স্বাচ্ছন্দ্যময় আমেজ থেকে যায়। ছোট পোশাক, সানগ্লাস বা অন্যান্য হালকা পোশাকের ব্যবহার মানুষকে যে বিশেষ লুক দেয়, তা আরও কিছুদিন ধরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। মূলত ছুটিতে থাকার সেই বিশেষ মানসিকতা বা মেজাজ ধরে রাখার ওপর জোর দিয়েছেন কার্টনার-মরলি।
বর্তমান ফ্যাশনে এক নতুন ফর্মুলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তা হলো দেহের ওপরের অংশে একটু ভারী বা ঢিলেঢালা পোশাকের সাথে নিচের অংশে হালকা ও ছোট স্কার্ট পরা। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ট্রেন্ডে দেখা যাচ্ছে অনেকেই লেসের স্লিপ বা স্যাটিনের মিনি স্কার্টের সাথে বক্সি শার্ট, রিবড জাম্পার কিংবা লেদার জ্যাকেট মিলিয়ে পরছেন। ওপরের ভারী সোয়েটার বা কার্ডিগান এবং নিচের হালকা স্কার্টের মধ্যকার বৈপরীত্যই এই লুকের প্রধান বৈশিষ্ট্য।
এই ধরনের পোশাকে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোয়েটার বা জাম্পারটি কিছুটা ঢিলেঢালা হওয়া প্রয়োজন এবং স্কার্টটি হতে হবে বেশ হালকা। পোশাকটি কেমন দেখাবে তা কেবল পা উন্মুক্ত রাখার ওপর নির্ভর করে না, বরং পোশাকের ওজনের বৈপরীত্য এবং কাঠামোর ওপর নির্ভর করে। এছাড়া ওপরের অংশে উষ্ণতা বজায় থাকলে শীতের হালকা বাতাস সহজে কাবু করতে পারে না।
লুকটিকে আকর্ষণীয় করতে রঙের সঠিক নির্বাচন করা জরুরি। হালকা ও গাঢ় রঙের সঠিক মিশ্রণ যেমন নেভি ও ক্রিম, চকোলেট ও আইভরি কিংবা কালো ও সাদার সংযোগ ঘটানো যেতে পারে। এর পাশাপাশি জুতোর দিকেও নজর দেওয়া দরকার। হালকা স্যান্ডেল পরলে তা পুরো পোশাকের সৌন্দর্য নষ্ট করতে পারে, তাই উপযুক্ত শক্ত বা ভারী জুতো যেমন লোফার বেছে নেওয়া ভালো।
শরৎ আসছে বলেই হুট করে অতিরিক্ত শীতের পোশাক, টাইটস বা নি-হাই বুট পরা শুরু না করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্ডুরয় বা টুইডের মতো অতিরিক্ত ভারী কাপড়ে এখনই নিজেকে ঢেকে না ফেলে, আরও কিছুদিন গ্রীষ্মের সেই হালকা পোশাকি আমেজ ও স্টাইল ধরে রাখার পরামর্শ দিচ্ছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।

