শাড়ীর ভিতর এক স্বপ্নের নারী

শাড়ির ভেতর এক স্বপ্নের নারী”

লিটন হোসাইন জিহাদ

শাড়িতে তাকে অপারূপ লাগে—
দুঃস্বপ্ন ভাঙার ঠিক আগ মুহূর্তে
এক পরিত্যক্ত দেবদূতের ছায়া এসে
আমার জানালায় কাঁপন তুলে বলে—
“সে এসেছিলো… সেই নারী…”

চুলে চাঁদের ঘ্রাণ, আর চোখে ঝরনার নীল,
তার পায়ের চিহ্ন পড়ে না মাটিতে,
সে হেঁটে চলে ঘুমের ভিতর,
ফুলের গায়ে আলতো রেখা রেখে,
ভালোবাসা লিখে দেয় পাতাহীন ডায়েরিতে।

সে এক কোমল ভ্রম,
তার হাসিতে গলে যায় লোহা,
আয়নার পিঠ ফেটে সে বেরিয়ে আসে—
আমার নিঃশ্বাসের অলিতে-গলিতে।

তার শাড়িতে লেগে থাকে এক অলৌকিক গন্ধ—
হয়তো জোনাকিদের মৃত্যু কিংবা বৃষ্টির প্রার্থনা,
যখন সে চলে যায়,
ঘরের সব ঘড়ি থেমে যায় একসাথে,
আর দেয়ালে টানানো ছবিগুলো কান্না করে।

তার মুখে কোনো কল্পনার রঙ নেই,
তবুও প্রতিটি তিল যেন একটি মহাবিশ্ব,
যেখানে নক্ষত্রেরা তবু নিঃশব্দে ঘুরে বেড়ায়,
আর আমি—
এক পাগল বিজ্ঞানীর মতো তাকে ব্যাখ্যা করতে গিয়ে,
নিজেকেই হারিয়ে ফেলি চিরতরে।

সে কি সত্যি? না স্বপ্ন? না অন্য কোনো তৃতীয় সত্তা?
আমি জানি না।
শুধু জানি, শাড়িতে সে যখন আসে—
জগৎ নিজের রঙ বদলায়,
ঘুড়ি উড়ে রাতের আকাশে,
আর আমি, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি,
এক অপার্থিব নারীর দিকে—
যার কোমলতায় লুকিয়ে আছে সৃষ্টি ও বিসর্জনের রহস্য।

Related Articles

নিসর্গে তুমি : লিটন হোসাইন জিহাদ

রাত্রির অন্ধকার কাটিয়ে ভোরের আলো ধীরে ধীরে গ্রামটাকে জাগিয়ে তুলছিল। চারপাশে একরাশ কুয়াশা, যেন প্রকৃতি নিজের শরীর জড়িয়ে রেখেছে শুভ্র চাদরে। বটগাছের পাতায় শিশিরের ঝিকিমিকি,…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও আধ্যাত্মিকতা চেষ্টা করেছে। অতীতে জীবনের পরের ধাপে…

লিটন হোসাইন জিহাদের এক গুচ্ছ কবিতা যেন আগুন

ফ্রিজে আটকে যাওয়া মা রাত আড়াইটায় ফ্রিজ খুললে মা বসে থাকে তাতে, চোখে টিফিন বক্সের মতো শীতল সংযম, হাত দিয়ে পাঁউরুটির পাশে ঠেলে দেয় বাবার…

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের) এমবিএ  ছাত্র হওয়ার সুবাদে সম্প্রতি চীনে অনুষ্ঠিত ষষ্ঠ…

Responses