৯৫ বছর বয়সে প্রথম নাটক লিখলেন লিজ হিকলিন: টপিক ‘সিলভিয়া প্লাথ আমার বয়ফ্রেন্ড চুরি করেছিল’
ব্রিটিশ কবি টেড হিউজের সঙ্গে নিজের তরুণ বয়সের প্রেমকাহিনী নিয়ে ৯৫ বছর বয়সে প্রথম নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন লিজ হিকলিন। নাটকটির নাম ‘সিলভিয়া প্লাথ স্টোল মাই বয়ফ্রেন্ড’।

Sports ডেস্ক: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ন
ব্রিটিশ কবি টেড হিউজের সঙ্গে তরুণ বয়সের অতীত প্রেম ও স্মৃতি নিয়ে ৯৫ বছর বয়সে প্রথম নাটক লিখেছেন লিজ হিকলিন। ‘সিলভিয়া প্লাথ স্টোল মাই বয়ফ্রেন্ড’ নামের ৫০ মিনিটের এই নাটকটি আগামী অক্টোবরে মেলবোর্ন ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে প্রথম মঞ্চস্থ হতে যাচ্ছে।
ক্যামব্রিজে নার্সিং পড়ার সময় লিজ হিকলিনের সঙ্গে পরিচয় হয় ব্রিটিশ পোয়েট লরিয়েট টেড হিউজের। পাব বা স্থানীয় পানশালায় বসে একে অপরকে কবিতা শোনানো এবং দূরে থাকলে আবেগঘন চিঠি লেখার মধ্য দিয়ে তাদের সম্পর্কের সুত্রপাত। হিকলিন বলেন, হিউজের একধরনের ‘যাদুকরী স্পর্শ’ ছিল, যা সেই সময় অনেক নারীকেই আকৃষ্ট করেছিল।
প্রেমের সম্পর্কের একপর্যায়ে লিজ হিকলিন প্রথমে কানাডা ও পরে অস্ট্রেলিয়া ভ্রমণে যান। তবে চিঠিপত্রের মাধ্যমে তাদের যোগাযোগ অব্যাহত ছিল। হিউজ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং জীবনযাপনের লড়াইয়ের কথা লিখতেন সেই চিঠিতে। কিন্তু একপর্যায়ে চিঠি আসা বন্ধ হয়ে যায়। হিকলিন মেলবোর্ন থেকে একটি ক্রিসমাস কার্ড পাঠালে হিউজের মা জবাবে জানান, টেড ফুলব্রাইট স্কলার সিলভিয়া প্লাথকে বিয়ে করেছেন। এই খবর পেয়ে হিকলিন টানা তিন দিন কেঁদেছিলেন।
সিলভিয়া প্লাথের সঙ্গে লিজ হিকলিনের কখনো সরাসরি দেখা হয়নি। ১৯৬৩ সালে প্লাথের আত্মহত্যার পর লিজ যখন বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যান, তখন হিউজ তার নতুন সঙ্গী আসিয়া ওয়েভিলকে নিয়ে সেখানে আসেন। সেটিই ছিল হিউজের সঙ্গে হিকলিনের শেষ সাক্ষাৎ। তবে পরবর্তীতে হিউজের পাঠানো চিঠি, পোস্টকার্ড এবং দুটি অপ্রকাশিত কবিতা তিনি ব্রিটিশ লাইব্রেরির কাছে বিক্রি করে দেন।
এই স্মৃতিগুলো নিয়ে নাটক নির্মাণের পেছনে রয়েছে একটি বিশেষ ঘটনা। ৯২ বছর বয়সে কুইন্সক্লিফ লিটারারি ফেস্টিভ্যালে এবিসি রেডিওর উপস্থাপক জ্যাসিন্টা পার্সন্সের সঙ্গে পুনরায় দেখা করেন হিকলিন। পরবর্তীতে পার্সন্স তার ম্যানেজার ও নাটকের সহ-পরিচালক হিসেবে যুক্ত হন এবং হিকলিনের লেখা থেকে বিষয়বস্তু সংগ্রহ করে নাটকটি তৈরি করেন।
নাটকটিতে হিকলিনের জীবনের অন্যান্য অধ্যায়ও উঠে এসেছে, যার মধ্যে রয়েছে মেলবোর্নে সংসার পরিচালনা এবং তার দুই মেয়ের আত্মহত্যার মতো ট্র্যাজিক ঘটনা। এ ছাড়া ‘সেল অফ দ্য সেঞ্চুরি’র সঞ্চালক ৮৭ বছর বয়সী পিট স্মিথের ভয়েসওভার এবং নাটকের সহ-পরিচালক সারা সাদারল্যান্ডকে প্লাথের চরিত্রে দেখা যাবে।
মেলবোর্ন ফ্রিঞ্জ ফেস্টিভ্যালের অংশ হিসেবে আগামী ১৫ থেকে ১৮ অক্টোবর কার্লটনের ট্রেডস হলে ‘সিলভিয়া প্লাথ স্টোল মাই বয়ফ্রেন্ড’ নাটকটি প্রদর্শিত হবে। এ ছাড়া পার্সন্স এবিসি থেকে ছুটি নিয়ে হিকলিনের জীবন ও বয়োবৃদ্ধির ওপর একটি প্রামাণ্যচিত্রও নির্মাণ করছেন।
