লাইফস্টাইল ডেস্ক: ১১ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণের সময় স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন বেশ কয়েকজন ভ্রমণকারী। পর্তুগালের সার্দাইন মাছ, স্পেনের সি-ফুড সুপ কিংবা স্লোভেনিয়ার বিখ্যাত ব্লেড কেকের মতো খাবারগুলো তাদের ভ্রমণকে করে তুলেছে আরও স্মরণীয়।
পর্তুগালের পোর্তিমায়াও অঞ্চলের সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে জো নামের এক পর্যটক গ্রিল করা সার্দাইন মাছের স্বাদ গ্রহণ করেন। মাত্র ১২ ইউরোতে দুই টুকরো রুটি, রশুন ও অলিভ অয়েলে তৈরি সার্দাইন এবং হালকা বিয়ারের সংমিশ্রণে এই খাবার পরিবেশন করা হয়েছিল। সেখানে প্রতিবছর আয়োজিত সার্দাইন উৎসবে স্থানীয় লোকসংগীত, নাচ এবং মাছ ধরার নৌকার ঐতিহ্যবাহী প্রদর্শনী উপভোগ করেন তিনি।
ফারো দ্বীপপুঞ্জে গিয়ে স্থানীয় পরিবারের সঙ্গে খাবার খাওয়ার বিশেষ অভিজ্ঞতা লাভ করেন মাইক ও তার স্ত্রী। স্থানীয়ভাবে প্রচলিত ‘হেইমাবলিদনি’ ধারণার অধীনে পর্যটকেরা স্থানীয়দের বাড়িতে ঐতিহ্যবাহী খাবার খাওয়ার সুযোগ পান। তারা সেখানে গৃহকর্তার তৈরি করা স্মোকড স্যামন, ভেড়ার মাংস এবং আলু দিয়ে দুপুরের খাবার সম্পন্ন করেন, যা তাদের সেখানকার জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ করে দেয়।
সিসিলিতে ভ্রমণের সময় ভেগান খাবারের দারুণ অভিজ্ঞতা অর্জন করেন এথার নামের এক পর্যটক। মোন্তে পেলেগ্রিনো পাহাড়ে হাইকিং শেষে একটি স্থানীয় দোকানে ‘পানেলে’ নামের ছোলার বেসনে তৈরি মুচমুচে স্ন্যাক্স গ্রহণ করেন তিনি। রাতে পালেরমোর একটি ভেগান রেস্তোরাঁয় কার্বোনারা ও তিরামিসুর ভেগান সংস্করণ উপভোগ করেন।
গ্রিসের ভোলোস শহরে ভ্রমণের অভিজ্ঞতার কথা জানান বারবারা। সেখানকার ‘সিপুরাদিকা’ নামের সরাইখানাগুলোতে বিশেষ পানীয় সিপুরোর সঙ্গে নানা ধরনের মুখরোচক খাবার বা ‘মেজে’ পরিবেশন করা হয়। প্রতি গ্লাস পানীয়র সঙ্গে গ্রিল করা ক্যাপসিকাম, শুটকি অক্টোপাস, ঝাল পনির কিংবা স্মোকড ম্যাকারেল মাছের ছোট ছোট প্লেট দেওয়া হয়।
লিথুয়ানিয়ার ভিলনিয়াসে ক্যাফে ও বারগুলোতে ‘কেপ্তা দুয়োনা’ নামের একটি জনপ্রিয় স্ন্যাক্সের খোঁজ পান নাটালি। এটি মূলত রশুন ও পনির দিয়ে কড়া করে ভাজা রাই রুটি। অন্যদিকে প্যারিস ভ্রমণে গিয়ে এলিনোর নামের এক পর্যটক ‘ল্যান্ড অ্যান্ড মাঙ্কিস’ নামের একটি বেকারিতে গিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু ভেগান প্যাস্ট্রি ও ক্রয়েস্যান্টের স্বাদ পান।
ইতালির বোলোনিয়া শহরে গিয়ে ঐতিহ্যবাহী তোর্লেতিনি পস্তার স্বাদ নেন ক্যাটলিন। সেখানকার রোসারোজ বিস্ত্রোতে গোরগনজোলা পনির ও ক্যারামেল করা নাশপাতি দিয়ে তৈরি বিশেষ তোর্লেতিনি পরিবেশন করা হয়। স্পেনের লেদা শহরে শামুক উৎসবের অভিজ্ঞতা তুলে ধরেন হেলেন। এই উৎসবে ঝাল প্যাপ্রিকা ও ভেষজ উপাদানে রান্না করা শামুকের পদ উপভোগ করেন হাজারো মানুষ।
স্লোভেনিয়ার ব্লেড হ্রদ এলাকায় সাইক্লিং শেষে স্থানীয় ব্লেড কেক খেয়ে তৃপ্তি পান সারা। এটি কাস্টার্ড, মিল-ফয়ে প্যাস্ট্রি এবং হুইপড ক্রিম দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী মিষ্টি। এছাড়া স্পেনের আস্তুরিয়াস অঞ্চলে গিয়ে ‘সোপা দে পেসকাদো ই মারিসকো’ নামের সি-ফুড সুপ খেয়ে মুগ্ধতার কথা জানান ওকসানা। বিভিন্ন ধরনের সাদা মাছ, চিংড়ি ও কাঁকড়া দিয়ে এই সুপ তৈরি করা হয়।

