করাচিতে এই প্রথম ‘কাচ্চা’ ডাকাতদের অপরাধ প্রমাণিত, দুই আসামির দু’বার করে মৃত্যুদণ্ড
করাচির একটি সন্ত্রাসবিরোধী আদালত দুই ভাইকে অপহরণ, মুক্তিপণ দাবি ও পুলিশি সংঘর্ষের মামলায় দুই কাচ্চা ডাকাতকে জোড়া মৃত্যুদণ্ড প্রদান করেছে।

পাকিস্তানের করাচিতে এই প্রথমবারের মতো ‘কাচ্চা’ (নদীবেষ্টিত দুর্গম এলাকা) অঞ্চলের ডাকাতদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। এ ঘটনায় করাচির একটি সন্ত্রাসবিরোধী আদালত অভিযুক্ত দুই ডাকাতকে দু’বার করে মৃত্যুদণ্ড এবং মোট ২৯ বছরের কারাদণ্ড প্রদান করেছে।
মামলার রায়ে আদালত অভিযুক্ত দুই ভাই রিয়াজ এবং এজাজকে দু’বার করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া অপহৃতদের ভাইদের প্রত্যেকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে দুই আসামিকে সর্বমোট ৫ লাখ ৯০ হাজার রুপি জরিমানা করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালে করাচির ভৈঁস কলোনি এলাকা থেকে রেহান ও রিজওয়ান নামে দুই ভাইকে অপহরণ করেছিল ওই কাচ্চা ডাকাতরা। ডাকাত দল চাকুরির প্রলোভন দেখিয়ে তাদের সুক্কুর এবং শিকারপুরের কাচ্চা দুর্গম এলাকায় নিয়ে যায়।
দুই ভাইকে জিম্মি করার পর অপহরণকারীরা তাদের পরিবারের কাছে ৬০ লাখ রুপি মুক্তিপণ দাবি করে। এ ঘটনার খবর পেয়ে তৎকালীন অ্যান্টি-ভায়োলেন্ট ক্রাইম সেল (এভিসিসি) অভিযানে নামে।
পরবর্তীতে এভিসিসি করাচির বলদিয়া রইস গোঠ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত দুই ভাইকে সশরীরে উদ্ধার করে। পরবর্তীতে এ বিষয়ে দায়ের করা অপহরণ, হত্যাচেষ্টা এবং পুলিশি সংঘর্ষের মামলায় আদালতে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর বিচারক এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।






