অনলাইনে নিবন্ধন, জনপ্রতি ৬০০ টাকা: তিনশ ফিটে অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় ডিজে পার্টি আটক ৮৫
রাজধানীর তিনশ ফিট এলাকায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে প্রায় এক বছর ধরে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এসব পার্টিতে অংশ নেওয়া যেত। মাসে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত চলা এসব আয়োজনে অংশগ্রহণকারীদের অধিকাংশই উচ্চবিত্ত পরিবারের সদস্য ও তাঁদের সন্তান বলে জানিয়েছে ঢাকা মহানগর […]

রাজধানীর তিনশ ফিট এলাকায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে প্রায় এক বছর ধরে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এসব পার্টিতে অংশ নেওয়া যেত। মাসে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত চলা এসব আয়োজনে অংশগ্রহণকারীদের অধিকাংশই উচ্চবিত্ত পরিবারের সদস্য ও তাঁদের সন্তান বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির।
তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে উচ্চ শব্দে গান বাজানো এবং সীসা সেবনের কারণে ধোঁয়াচ্ছন্ন পরিবেশ দেখতে পান গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় বাড়ির ভেতরে প্রায় ২২টি গাড়ি ছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির আয়োজন করা হতো। অনলাইনে নিবন্ধন করে প্রতিটি আয়োজনে অংশ নিতে জনপ্রতি প্রায় ৬০০ টাকা দিতে হতো। বাড়ি ভাড়া বাবদও অর্থ লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ।
অভিযানের সময় পাঁচ কক্ষের বাড়িটির বিভিন্ন স্থান থেকে ২৬ জন তরুণীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের দাবি, আটক তরুণীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে এবং তাঁরা শিক্ষার্থী। তাঁদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও রয়েছেন। আটক পুরুষদের মধ্যে শিক্ষার্থী, করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি ও ব্যবসায়ী রয়েছেন।
অভিযানে বাড়িটি থেকে মদের তিনটি বোতল, ইয়াবা ও ‘কুশ’ নামের একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এ ছাড়া যৌন স্বাস্থ্যসংশ্লিষ্ট সামগ্রীও উদ্ধার করা হয়।
ডিসি ইলিয়াস কবির জানান, আটক পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও ১৫ দিন কারাভোগ করতে হবে। অন্যদিকে, নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন দিন কারাভোগ করতে হবে।
দীর্ঘদিন ধরে কীভাবে এসব আয়োজন চলছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিয়ে পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
