POTHIKTV

আসামে মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদ উচ্ছেদের নিন্দা, বাবরি মসজিদ ধ্বংসের প্রসঙ্গ টানল ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

ভারতের আসামে বাঙালি মুসলিমদের ১ হাজার ১০০টিরও বেশি ঘরবাড়ি উচ্ছেদ এবং ১০টিরও বেশি মসজিদ ধ্বংসের খবরে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। সংগঠনটি এ ঘটনাকে ধর্মীয় অসহিষ্ণুতা ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি হিসেবে উল্লেখ করে ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের প্রসঙ্গ টেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির […]

আসামে মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদ উচ্ছেদের নিন্দা, বাবরি মসজিদ ধ্বংসের প্রসঙ্গ টানল ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

ভারতের আসামে বাঙালি মুসলিমদের ১ হাজার ১০০টিরও বেশি ঘরবাড়ি উচ্ছেদ এবং ১০টিরও বেশি মসজিদ ধ্বংসের খবরে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। সংগঠনটি এ ঘটনাকে ধর্মীয় অসহিষ্ণুতা ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি হিসেবে উল্লেখ করে ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের প্রসঙ্গ টেনেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাবে ভারতে সংখ্যালঘু মুসলিমদের নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে বারবার উদ্বেগ তৈরি হচ্ছে। বাবরি মসজিদ ধ্বংসের মতো ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় আসামের সাম্প্রতিক ঘটনাগুলোও সাম্প্রদায়িক বিভাজনের আশঙ্কা বাড়াচ্ছে।

সংগঠনটির সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান বলেন, ভারত সরকার উচ্ছেদ অভিযানকে সরকারি ও বন বিভাগের জমি পুনরুদ্ধারের উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘদিনের বসবাসের ইতিহাস ও পুনর্বাসনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে মসজিদ ধ্বংসের ঘটনাগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতারা বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা কিংবা তাদের জানমাল অনিরাপদ করে তোলা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। তাদের অভিযোগ, ভারতীয় মুসলমানদের সাংবিধানিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে মোদি সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

সংগঠনটি ভারত সরকারের প্রতি উচ্ছেদ ও মসজিদ ধ্বংসের ঘটনাগুলোর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আসামের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাবরি মসজিদ ধ্বংসের মতো বেদনাদায়ক ইতিহাসের পুনরাবৃত্তি রোধে ধর্মীয় উপাসনালয়, মানুষের বসতভিটা ও নাগরিক অধিকার সুরক্ষিত রাখা অপরিহার্য। ধর্মীয় পরিচয় নির্বিশেষে ভারতের প্রত্যেক নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ