খেলাধুলা ডেস্ক: ৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
বিশ্ব গলফ অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এলআইভি গলফ যুক্তরাষ্ট্রে দেউলিয়া সুরক্ষার জন্য আবেদন করেছে। বিপুল অঙ্কের অর্থ খরচ করে শীর্ষ তারকাদের দলে ভিড়িয়ে পিজিএ ট্যুরের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করা এই বিদ্রোহী গলফ ট্যুরটি নিউজার্সির একটি আদালতে এই আবেদন জমা দিয়েছে।
চলতি বছরের শুরুর দিকে মূল অর্থায়নকারী সৌদি বিনিয়োগকারীদের সমর্থন হারানোর পর এই আইনি পদক্ষেপ নেওয়া হলো। আদালতের নথিপত্র অনুযায়ী, এলআইভি গলফ নিজেদের পুনর্গঠন করে নতুন কোনো রূপে আবার গলফ সার্কিটে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছে।
তবে আদালতের নথিতে দেখা গেছে, সংস্থাটির আনুমানিক ৫০ কোটি থেকে ১০০ কোটি ডলারের দায় বা দেনা রয়েছে। এর বিপরীতে অন্তত এক হাজার পাওনাদার রয়েছেন, যাদের মধ্যে ব্রাইসন ডিচ্যাম্বো, জন রাহম এবং ক্যাম স্মিথের মতো বিশ্বখ্যাত গলফ তারকাদের নামও রয়েছে।
সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফ এই ট্যুরে আনুমানিক ৫০০ কোটি ডলার ব্যয় করার পর চলতি বছর হুট করেই অর্থায়ন বন্ধ করে দেয়। এই কারণে চলতি মাসের শুরুতেই নিজেদের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হয় সংস্থাটি।
সংস্থাটির প্রধান নির্বাহী স্কট ও’নিল জানান, এই দেউলিয়া সুরক্ষা প্রক্রিয়া তাদের একটি নতুন মাইলফলক চুক্তি সম্পাদন এবং এলআইভি গলফের পরবর্তী অধ্যায় শুরু করার জন্য প্রয়োজনীয় সময় ও কাঠামো প্রদান করবে।
এলআইভি কর্তৃপক্ষ আশা করছে, আগামী বছর তারা নতুন বিন্যাসে ফিরতে পারবে। যেখানে ভক্তদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি একটি উদ্ভাবনী ও খেলোয়াড়-বান্ধব মালিকানা মডেল তৈরি করা হবে এবং বৈশ্বিক গলফ ব্যবস্থার অংশ হিসেবে তারা কাজ করবে।
তবে ২০২৭ সালের সময়সূচি বা নির্দিষ্ট কোনো ইভেন্টের বিষয়ে এই মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। আন্তর্জাতিক পরিসরে থাকা সম্পদ ও কার্যক্রম সুরক্ষার জন্য ইংল্যান্ড ও ওয়েলসেও এই মার্কিন দেউলিয়া আবেদনের স্বীকৃতি চাইছে সংস্থাটি।
এলআইভি কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন, নতুন বিনিয়োগকারীদের অধীনে আগামী মৌসুমে ‘২.০’ সংস্করণ হিসেবে ট্যুরটি আবার চালু হবে। তবে নতুন সংস্করণে ইভেন্টের সংখ্যা ও প্রাইজমানির পরিমাণ আগের চেয়ে কম থাকবে।
এই উদ্যোগের সফলতা মূলত বড় তারকা গলফাররা সঙ্গে থাকেন কি না তার ওপর নির্ভর করছে। এলআইভি জানিয়েছে, খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় এবং তাদের জন্য একটি মালিকানা কাঠামো তৈরিতে তারকা খেলোয়াড়দের সঙ্গে অগ্রগতির আলোচনা চলছে।
সৌদি সমর্থন হারানোর পর এলআইভির জনপ্রিয় তারকা খেলোয়াড়দের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তারা কি নতুন বিন্যাসের সঙ্গে থাকবেন, নাকি বকেয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধারে আদালতের পথ বেছে নেবেন—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে বেশ কিছু তারকা গলফার আবার পিজিএ ট্যুরসহ অন্যান্য সার্কিটে ফিরে যেতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পিজিএ ট্যুর স্পষ্ট করে জানিয়েছে, এলআইভি খেলোয়াড়দের ফেরত নেওয়ার কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই।
সূত্র: The Guardian – Sport

