পাকিস্তানে টেলিফোনে নারী ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
টেলিফোনে নারীদের হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগে লাহোর ও ইসলামাবাদে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের এনসিসিআইএ।

World ডেস্ক: ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
টেলিফোনে নারীদের হয়রানি ও ব্ল্যাকমেইল করার অভিযোগে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)।
সংস্থাটির কর্মকর্তারা লাহোর এবং ইসলামাবাদে একই সঙ্গে একাধিক অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করেন। অভিযানকালে অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির এক উন্মুক্ত দরবারে (খুলি কাচারি) ভুক্তভোগী নারীদের করা অভিযোগের ভিত্তিতে এনসিসিআইএ এই পদক্ষেপ নেয়।
এনসিসিআইএ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জিশান নামের এক অভিযুক্ত এক নারীকে তার পরিবারের কাছে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠানোর হুমকি দিয়ে ভয়ভীতি দেখাচ্ছিল।
তদন্তকারীদের মতে, অভিযুক্তদের মোবাইল ফোন থেকে বিভিন্ন আপত্তিকর ছবি, ভিডিও এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে এক অভিযুক্তের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ ও টিকটকের মাধ্যমে আপত্তিকর ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে।
দ্বিতীয় অভিযুক্তের মোবাইল ফোন থেকে দীর্ঘ দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হয়রানি করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
তৃতীয় অভিযুক্তের বিরুদ্ধেও আপত্তিকর ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল করার প্রমাণ মেলার কথা জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
উদ্ধার করা সব কটি মোবাইল ফোন ফরেনসিক বিশ্লেষণের জন্য সিলগালা করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (PECA)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি নিয়ে পরবর্তী তদন্ত চলছে।





