সরাইলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন, দগ্ধ ১০; পুড়ল ৮ ঘর
সরাইলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন, দগ্ধ ১০; পুড়ল ৮ ঘর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় […]
সরাইলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন, দগ্ধ ১০; পুড়ল ৮ ঘর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে দুবাজাইল গ্রামে ইজ্জত আলীর রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ইজ্জত আলীর ঘরসহ মোট আটটি বসতঘর পুড়ে যায়।
খবর পেয়ে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় রাত আনুমানিক পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিরা হলেন—আল-আমিন (২৮), আলিম (৩২), ইজ্জত আলী (৫৫), রহিম মিয়া (৩৫), বোরহান মিয়া (২৫), রাজিয়া বেগম (৫৫), মাওলানা এরশাদ আলী (৫৫) ও দুলাল মিয়া (৪৫)। এ ছাড়া আল-আমিনের স্ত্রী ফাতেমা বেগম (২২) দুই হাতে দগ্ধ হয়েছেন। তাঁদের নয় মাস বয়সী ছেলে আব্দুল্লাহর শরীরের সামনের অংশও পুড়ে গেছে।
দগ্ধ ব্যক্তিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।
