এইচএসসি ও সমমানে এক বছরে জিপিএ-৫ কমেছে ৩২ হাজার
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৯২ জন কমেছে, যা প্রায় ৪৪.৫ শতাংশ হ্রাস।

Education ডেস্ক: ৩১ অক্টোবর ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন
এইচএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সার্বিক ফলে এবার সর্বোচ্চ জিপিএ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৯২ জন কমেছে।
শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর মোট ৭২ হাজার ১৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। তবে এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। সে হিসাবে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৪ দশমিক ৫ শতাংশ।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
মেধা তালিকায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যা তুলনামূলক বেশি। মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র রয়েছেন ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী রয়েছেন ১৯ হাজার ৭২১ জন।
উল্লেখ্য, গত বছর এইচএসসি ও সমমানের মূল ফলাফল প্রকাশের সময় ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। পরবর্তী সময়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনে আরও ৩ হাজার ৭৯ জনের ফল পরিবর্তিত হয়ে জিপিএ-৫ যুক্ত হয়, যার ফলে মোট সংখ্যা দাঁড়িয়েছিল ৭২ হাজার ১৭৬ জনে।




