এসএমই ফাউন্ডেশনের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি, রাজশাহী বিভাগের প্রার্থীরা পাবেন অগ্রাধিকার
শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ এসএমই ফাউন্ডেশনে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এতে রাজশাহী বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Bangladesh ডেস্ক: শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনে দুটি ক্যাটাগরির পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ করা না হলেও জানানো হয়েছে, এসব পদে নিয়োগের ক্ষেত্রে রাজশাহী বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘সেন্টার ইনচার্জ কাম অপারেটর’ এবং ‘সহকারী অপারেটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। উভয় পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম এসএসসি পাস চাওয়া হয়েছে। এর পাশাপাশি সংশ্লিষ্ট খাতে অন্তত ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নির্দিষ্ট কিছু মেশিন অপারেশনে দক্ষ হওয়ার শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে কাটিং অপারেশনের ক্ষেত্রে ফোর-কলাম বিম কাটিং প্রেস মেশিন, লেদার স্ট্র্যাপ কাটিং মেশিন এবং টার্নিং আর্মসহ হাইড্রোলিক সুইং আর্ম কাটিং মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে। ফেব্রিকেশন ও ফিটিং অপারেশনের জন্য স্কাইভিং মেশিন, স্ট্যাম্পিং ও নাম্বারিং মেশিন এবং হাইড্রোলিক এমবোসিং মেশিন চালনার অভিজ্ঞতা প্রয়োজন।
এছাড়া ক্লোজিং অপারেশনের আওতায় হেভি ডিউটি জিগজ্যাগ সেলাই মেশিন ও হেভি ডিউটি সিলিন্ডার বেড সেলাই মেশিন এবং লাস্টিং ও ফিনিশিং অপারেশনের ক্ষেত্রে ইউনিভারসাল সোল বন্ডিং বা সোল প্রেসিং মেশিন, ব্রাশিং মেশিন এবং হিট সেটিং বা হিট অ্যাক্টিভেশন মেশিন চালনায় পারদর্শী হতে হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মীদের কর্মস্থল হবে রাজশাহী জেলার চারঘাট উপজেলার কালুহাটিতে পাদুকাশিল্পের উন্নয়নে স্থাপিত ‘কমন ফ্যাসিলিটি সেন্টার’। তবে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো বেতন স্কেল উল্লেখ করা হয়নি; বেতন-ভাতা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় ফরম এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অথবা সরাসরি হার্ডকপি সংগ্রহ করা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন, পর্যটন ভবন (লেভেল ৬-৭), ই-৫/সি-১, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭। আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।






