পাকিস্তানে ১১ বছরের ছাত্রকে নির্যাতন ও আপত্তিকর ভিডিও তৈরি: শিক্ষকসহ গ্রেপ্তার ৩
পাকিস্তানের সরগোধায় এক ১১ বছরের এতিম ছাত্রকে নির্যাতন ও ভিডিও তৈরির অভিযোগে সরকারি স্কুলের এক জ্যেষ্ঠ শিক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধায় এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন এবং তার আপত্তিকর ভিডিও চিত্র ধারণ করার অভিযোগে এক সরকারি স্কুলের জ্যেষ্ঠ শিক্ষকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় মামলাটি অধিকতর তদন্তের জন্য কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট বা সিটিডির (সিসিডি) কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আতা শহীদ থানা এলাকার সরকারি হাই স্কুল চক ১০৭ সাউথের জ্যেষ্ঠ শিক্ষক সফদার আব্বাস ষষ্ঠ শ্রেণির ওই ১১ বছর বয়সী এতিম ছাত্রকে নিজের বৈঠকে ডেকে নেন। অভিযোগ উঠে এসেছে, সেখানে তিনি অপর দুই সহযোগীকে সঙ্গে নিয়ে ওই শিশুর ওপর নির্যাতন চালান এবং ঘটনার ভিডিও চিত্র ধারণ করেন।
অভিযুক্তরা পরবর্তীতে ওই আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তবে শিশুটি সাহস সঞ্চয় করে পুরো বিষয়টি তার পরিবারকে জানায়। এর পরপরই ভুক্তভোগীর মামার আবেদনের ভিত্তিতে থানায় একটি মামলা (এফআইআর) নথিভুক্ত করা হয়।
অভিযান চালিয়ে পুলিশ মূল অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং অন্যান্য আপত্তিকর ভিডিও উদ্ধার করেছে। তদন্ত চলাকালে ভুক্তভোগী শিশুটি অভিযোগ করেছে যে, প্রধান অভিযুক্ত শিক্ষক আরও কয়েকজন শিক্ষার্থীকেও একইভাবে নির্যাতনের শিকার বানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সবকটি দিক অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী অভিযুক্তদের বিচার নিশ্চিত করা হবে।





