বিজয়নগরে নিখোঁজের তিন দিন পর পুকুরের ঝোপে যুবকের মরদেহ, আটক চাচাতো ভাই
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের তিন দিন পর মো. আজিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ নামক স্থানের পুকুরপাড়ের ঝোপ থেকে মরদেহটি […]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের তিন দিন পর মো. আজিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তিনি প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ নামক স্থানের পুকুরপাড়ের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে নিখোঁজ হন আজিম। নিখোঁজ হওয়ার দিন ভোরে চাচাতো ভাই রফিকুল ইসলামের মোবাইল ফোনে আজিমের সর্বশেষ যোগাযোগ হয়। সোমবার রাতে রফিকুলের বাড়ির সামনের রাস্তায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পুকুরপাড়ের ঝোপে আজিমের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
বিজয়নগর থানার পরিদর্শক রাজীব চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানা যাবে।
