POTHIKTV

যুক্তরাজ্যে বয়সের মাইলফলক: কোন বয়সে মেলে কী কী সুবিধা ও ছাড়?

যুক্তরাজ্যে বয়স বৃদ্ধির সাথে সাথে যুক্ত হয় নানা আইনি অধিকার, ভাতা, ছাড় ও সরকারি সুবিধা। ১৪ বছর বয়স থেকে শুরু করে ১০০ বছর বয়স পর্যন্ত বয়সের বিভিন্ন ধাপে মেলা সুবিধাগুলোর বিস্তারিত তথ্য।

যুক্তরাজ্যে বয়সের মাইলফলক: কোন বয়সে মেলে কী কী সুবিধা ও ছাড়?

Lifestyle ডেস্ক: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে বয়স বৃদ্ধির সঙ্গে কেবল জীবনযাত্রার পরিবর্তনই আসে না, বরং যুক্ত হয় নানা আইনি অধিকার, ভাতা, ছাড় ও আর্থিক সুযোগ-সুবিধা। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসের শেষের দিকে দেশটিতে সবচেয়ে বেশি জন্মদিন উদযাপিত হয়। তবে বয়স কেবল উদযাপনের বিষয় নয়; নির্দিষ্ট বয়সের মাইলফলক ছোঁয়ার মাধ্যমে ব্রিটেনে প্রাপ্তবয়স্ক ও বয়স্ক নাগরিকদের জন্য তৈরি হয় সরকারি ও বেসরকারি নানা সুবিধার পথ।

বয়স ১৪ হলে যুক্তরাজ্যের কিশোর-কিশোরীরা পার্টটাইম বা খণ্ডকালীন কাজ করার আইনি অধিকার পায়। তবে মডেলিং বা অভিনয়ের ক্ষেত্রে আরও কম বয়স থেকেই কাজ করার সুযোগ থাকে। আবার কিছু কিছু লোকাল কাউন্সিল ১৩ বছর বয়স থেকেই নির্দিষ্ট সময়সীমার জন্য কাজের অনুমতি দেয়। আর ১৬ বছর বয়সে পৌঁছে তারা ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর এবং কার্ড পায়। সপ্তাহে ২৪২ পাউন্ডের বেশি আয় হলে নিয়োগকর্তা এ কর কেটে নেন। এ বয়সে প্রতি ঘণ্টায় সর্বনিম্ন ৮ পাউন্ড আয়ের অধিকার তৈরি হয়। পাশাপাশি চাইল্ড ট্রাস্ট ফান্ড নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হলেও নগদ অর্থ তোলার জন্য ১৮ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।

১৭ বছর বয়স হলো যুক্তরাজ্যে গাড়ি চালানোর বৈধ বয়স। তবে গ্রেট ব্রিটেনে ১৫ বছর ৯ মাস বয়স থেকেই প্রভিশনাল লাইসেন্সের জন্য আবেদন করা যায়, আর উত্তর আয়ারল্যান্ডে ১৭ বছর পূর্ণ হওয়ার দুই মাস আগে আবেদন করতে হয়। এ বয়সে অনলাইন বা ডাকযোগে নির্দিষ্ট ফি দিয়ে আবেদন সম্পন্ন করতে হয়। অন্যদিকে, ১৮ বছর বয়সে পৌঁছালে চাইল্ড ট্রাস্ট ফান্ড বা জুনিয়র আইএসএ থেকে টাকা তোলার সুযোগ পাওয়া যায় এবং স্বয়ংক্রিয়ভাবে এগুলো অ্যাডাল্ট অ্যাকাউন্টে রূপান্তরিত হয়। ১৮ বছর বয়সে পূর্ণাঙ্গ অ্যাডাল্ট আইএসএ খোলা সম্ভব। এ ছাড়া কম আয়ের ক্ষেত্রে ইউনিভার্সাল ক্রেডিটের মতো সরকারি সুবিধার আবেদন করা যায় এবং সর্বনিম্ন মজুরি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ১০.৮৫ পাউন্ড হয়।

২১ বছর বয়সে পৌঁছে একজন নাগরিক পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সর্বনিম্ন মজুরি পাওয়ার যোগ্য হন, যা বর্তমানে ঘণ্টায় ১২.৭১ পাউন্ড। বয়স ২৬ পূর্ণ হলে ইয়ং পারসনস রেলকার্ডের মেয়াদ শেষ হলেও ভ্রমণ ছাড় শেষ হয় না। ২৬ থেকে ৩০ বছর বয়সীদের জন্য তৈরি রেলকার্ডের মাধ্যমে রেল ভ্রমণে এক-তৃতীয়াংশ ছাড় পাওয়া যায়, যার বার্ষিক ফি ৩৫ পাউন্ড। গাড়ি ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও ২৬ বছর বয়সে তরুণের স্বীকৃতি শেষ হয় এবং অধিকাংশ কোম্পানি তাদের অতিরিক্ত তরুণ চালক ফি প্রত্যাহার করে।

৪০ বছর বয়স হলো লাইফটাইম আইএসএ বা করমুক্ত সঞ্চয়ী অ্যাকাউন্টে অর্থ জমা করার শেষ সুযোগ। ১৮ থেকে ৩৯ বছর বয়সীরা প্রতি বছর সর্বোচ্চ ৪,০০০ পাউন্ড পর্যন্ত এ অ্যাকাউন্টে জমা করতে পারেন, যার ওপর সরকার ২৫ শতাংশ বোনাস দেয়। ৫০ বছর বয়স পর্যন্ত এতে অর্থ রাখা যায় এবং বাড়ি কেনা বা ৬০ বছর বয়সের পর এ টাকা তোলা যায়। এ ছাড়া ৪০ বছর বয়সে যাদের পরিবারে গ্লুকোমার ইতিহাস আছে, তারা ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে বিনামূল্যে চোখের পরীক্ষা করাতে পারেন।

৫০ বছর বয়স পূর্ণ হলে সাগা ক্লাবের মতো প্রবীণদের জন্য বিশেষায়িত বীমা ও ভ্রমণ সংক্রান্ত সুবিধার দুয়ার খোলে। বেশ কিছু ট্রেন কোম্পানি যেমন স্কটরেল ও গ্রেটার অ্যাংলিয়া ৫০ বছর বা তার বেশি বয়সীদের টিকিটে ২০ শতাংশ ছাড় দেয়। অন্যদিকে ৫৫ বছর বয়সে পৌঁছালে সাধারণত নিজস্ব বা কর্মক্ষেত্রের পেনশন থেকে টাকা তোলার সুযোগ তৈরি হয়। তবে ২০২৮ সালের এপ্রিল থেকে এ বয়স সীমা বেড়ে ৫৭ বছর হবে। কিছু সিনেমা হল ৫৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য হ্রাসকৃত মূল্যে টিকিটের ব্যবস্থা করে।

৬০ বছর বয়স থেকে যুক্তরাজ্যে নাগরিকদের জন্য নানা বড় আর্থিক ছাড় পাওয়া যায়। ইংল্যান্ডে এনএইচএস প্রেসক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে মেলে, যা প্রতি আইটেমে ৯.৯০ পাউন্ড সাশ্রয় করে। সিনিয়র রেলকার্ডের মাধ্যমে রেল ভ্রমণে এক-তৃতীয়াংশ ছাড় পাওয়া যায়। লন্ডনে ৬০ বছরের বেশি বয়সীরা ফ্রিতে বাস ও টিউব রেলে যাতায়াতের সুযোগ পান। এ ছাড়া ওয়েলসেও বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা রয়েছে। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান যেমন আইসল্যান্ড প্রতি মঙ্গলবারে ৬০ বছরের বেশি বয়সীদের জন্য ১০ শতাংশ ছাড় দেয় এবং প্যাটিসেরি ভ্যালারিও একই ছাড় প্রদান করে।

৬৫ বছর বয়সে বেশ কিছু থিয়েটার ও হোটেলে ছাড় পাওয়ার পাশাপাশি বিনামূল্যে এনএইচএস ফ্লু নেওয়ার সুযোগ মেলে। ৬৬ বছর বয়সে বর্তমানে রাষ্ট্রীয় পেনশনের বয়সসীমা নির্ধারিত রয়েছে, যা ২০২৮ সালের এপ্রিলে বেড়ে ৬৭ বছর হবে। বর্তমানে নতুন স্টেট পেনশনের আওতায় সপ্তাহে ২৪১.৩০ পাউন্ড পর্যন্ত পাওয়া যেতে পারে। পাশাপাশি পেনশন ক্রেডিট পাওয়া ব্যক্তিরা বিনামূল্যে টিভি লাইসেন্স পান এবং শীতকালীন জ্বালানি খরচের জন্য নির্দিষ্ট শর্তে সরকারি ভাতা পান। আর বয়স যখন ৮০ পেরিয়ে ১০০-তে পৌঁছায়, তখন পাওয়া যায় রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে বিশেষ জন্মদিনের বার্তা।

অথেন্টিক সোর্স: The Guardian – Life and Style
0
0 comments·0 shares