সেন্টমার্টিনের কাছে সমুদ্রে ৩৭ টন সিমেন্টসহ ১২ জন আটক
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

Bangladesh ডেস্ক: ২ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ৩৭ হাজার ৫০০ কেজি (৩৭.৫ টন) সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মিয়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের চেষ্টার সময় তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গভীর সমুদ্রে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ট্রলার জব্দ করা হয়, যার মধ্যে বিপুল পরিমাণ সিমেন্ট রাখা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অবৈধ উপায়ে সমুদ্রপথে মিয়ানমারে সিমেন্ট পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।
জব্দকৃত সিমেন্ট ও ট্রলারসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত ও সমুদ্রপথে যে কোনো ধরনের চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।






