স্মুদি ও ফ্রোজেন ড্রিংকসের জন্য সেরা ব্লেন্ডার বাছাই: গার্ডিয়ানের পরীক্ষা ও মূল্যায়ন
বিভিন্ন বাজেট, আকার এবং কাজের সক্ষমতা বিবেচনা করে বাজারে থাকা শীর্ষ ব্লেন্ডারগুলোর কার্যকারিতা পরীক্ষা করে দেখেছে দ্য গার্ডিয়ানের ফিচার বিভাগ।

Lifestyle ডেস্ক: রান্নাঘরে বহুমুখী কাজের জন্য একটি ভালো মানের ব্লেন্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। সকালের স্বাস্থ্যকর স্মুদি তৈরি করা থেকে শুরু করে বিকেলের ডিপস, রাতের স্যুপ কিংবা বরফ জমা ফ্রোজেন ড্রিংকস বানাতে একটি নির্ভরযোগ্য ব্লেন্ডারের বিকল্প নেই। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ‘দ্য ফিল্টার ইউএস’ বিভাগ সম্প্রতি বাজারের বেশ কয়েকটি জনপ্রিয় ব্লেন্ডার পরীক্ষা করে সেরা কিছু মডেল বেছে নিয়েছে।
খাদ্যবিষয়ক অভিজ্ঞ সাংবাদিক ও পর্যালোচক মারিয়ান বুল এক ডজনেরও বেশি ব্লেন্ডার বাস্তব রান্নাঘরে পরীক্ষা করেছেন। এ পরীক্ষায় ব্লেন্ডারগুলোর বরফ গুঁড়ো করার ক্ষমতা, বাদামের মাখন বা পিনাট বাটার তৈরি, পেস্তো সস, বিভিন্ন ফল ও সবজির স্মুদি এবং ঘন স্যুপ তৈরির সক্ষমতা যাচাই করা হয়। পরীক্ষা শেষে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে কয়েকটি ক্যাটাগরিতে সেরা ব্লেন্ডার নির্ধারণ করা হয়েছে।
বিলাসবহুল ও সার্বিকভাবে সেরা ব্লেন্ডার হিসেবে শীর্ষে রয়েছে ‘ভিটামিক্স ৫২০০’ (Vitamix 5200)। দীর্ঘ পরীক্ষার পর দেখা গেছে, এটি সবচেয়ে নিখুঁত ও মসৃণ ব্লেন্ডিং অভিজ্ঞতা দেয়। এক মিনিটেরও কম সময়ে এটি শক্ত সবজি বা ঘন স্যুপকে পিউরেতে পরিণত করতে পারে। তবে এটি বেশ উচ্চ শব্দ তৈরি করে এবং আকারে কিছুটা বড়। অন্যদিকে কাচের জারের মধ্যে বরফ গুঁড়ো করার জন্য সেরা নির্বাচিত হয়েছে ‘কিচেনএইড পিওর পাওয়ার ব্লেন্ডার’। ১০০ ডলারের নিচে কাচের জারের সাশ্রয়ী ব্লেন্ডার হিসেবে স্থান পেয়েছে ‘হ্যামিল্টন বিচ স্মুদি স্টার্ট’।
বাজেটের মধ্যে বরফ কুচি করা বা ফ্রোজেন মার্গারিটা তৈরির জন্য ‘ব্রেভিল’ ব্লেন্ডারটি দারুণ পারফর্ম করেছে। অতিরিক্ত পানি বা ট্যাম্পারের সাহায্য ছাড়াই এটি সহজে বরফ চূর্ণ করতে সক্ষম। এছাড়া কমপ্যাক্ট বা ব্যক্তিগত ব্যবহারের জন্য ‘দ্য বিস্ট মেগা ১২০০ প্লাস’ এবং দ্রুত স্মুদি তৈরির জন্য ‘নিউট্রিবুলেট প্রো ৯০০’ ভালো বিকল্প হিসেবে উঠে এসেছে। প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব বিকল্প খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য ‘অস্টার ক্লাসিক সিরিজ হেরিটেজ ব্লেন্ডার’ কাচের জার ও দীর্ঘ মেয়াদী ওয়ারেন্টির কারণে প্রশংসিত হয়েছে।
পরীক্ষায় দেখা গেছে, একটি ব্লেন্ডারের স্থায়িত্ব ও কার্যকারিতা নির্ভর করে এর মোটরের ক্ষমতা এবং জারের গঠনের ওপর। সরু ও গোলাকার ভিত্তির জারগুলো অল্প পরিমাণ খাবার প্রক্রিয়াজাত করতে বেশি কার্যকর, অন্যদিকে চওড়া ভিত্তি বড় বা ঘন মিশ্রণের জন্য উপযোগী। রান্নার প্রয়োজন ও রান্নাঘরের জায়গার ওপর ভিত্তি করে সঠিক ব্লেন্ডার নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্লেন্ডার সহজে পরিষ্কার রাখার একটি দরকারী পদ্ধতিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্লেন্ডারের জারটি অর্ধেক পানি দিয়ে পূর্ণ করে তাতে অল্প থালাবাসন ধোয়ার সাবান দিয়ে উচ্চ গতিতে এক মিনিট চালালে এটি সহজেই পরিষ্কার হয়ে যায়। তবে ধারালো ব্লেড পরিষ্কার করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন গবেষক।






