দীর্ঘ বিরতি কাটিয়ে ‘প্রতাপ’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন এশা দেওল
দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী এশা দেওল। ‘প্রতাপ’ নামের অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমায় ‘পুনম’ চরিত্রে দেখা যাবে তাঁকে।
Entertainment ডেস্ক: ২৫ অক্টোবর ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ন
দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন নন্দিত বলিউড অভিনেত্রী এশা দেওল। ‘প্রতাপ’ নামের একটি অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমার মাধ্যমে অভিনয়ে কামব্যাক করছেন তিনি। এই চলচ্চিত্রে এশাকে ‘পুনম’ নামের একটি নারী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, যার গল্পে উঠে আসবে জীবনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়ে আত্ম-অনুসন্ধান, নীরবে লড়াই এবং অন্তর্নিহিত শক্তিকে চিনে নেওয়ার আখ্যান।
ইতোমধ্যেই নির্মাতাদের পক্ষ থেকে সিনেমাটিতে এশা দেওলের ‘পুনম’ চরিত্রের লুক বা চেহারা প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর আসছে ‘প্রতাপ’ সিনেমার টিজার বা ঝলক, এবং এর পর আসবে ট্রেলার। সিনেমাটি আগামী ২০ নভেম্বর বলিউডসহ ভারতের বিভিন্ন রাজ্যের পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউভি ফিল্মস।
প্রদীপ রঙ্গওয়ানী পরিচালিত এই সিনেমায় এশা দেওল ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিত সাধ, সীমা বিশ্বাস, মিলিন্দ গুনাজি, তিগমাংশু ধুলিয়া এবং দুষ্মন্ত ওয়াগ।
নতুন এই কাজ নিয়ে নিজের উচ্ছ্বাস ও আশাবাদ প্রকাশ করেছেন এশা দেওল। তিনি জানান, বিরতি ভেঙে পর্দায় ফেরার জন্য তিনি এ রকম একটি মানসম্মত সিনেমা ও শক্তিশালী চরিত্রের অপেক্ষায় ছিলেন। দেরিতে হলেও কাঙ্ক্ষিত গল্প ও চরিত্র দিয়ে ফিরতে পেরে তাঁর মধ্যে অন্য রকম এক ভালো লাগা কাজ করছে।
সিনেমার গল্প সম্পর্কে ইঙ্গিত দিয়ে এশা জানান, এর বড় শক্তি হলো এর কাহিনি। চলচ্চিত্রে দেখা যাবে, পুনম নামের নারীর কাছে তার পরিবারই সব। সে যার ওপর সবচেয়ে বেশি ভরসা করত, তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল তার জীবন। কিন্তু হঠাৎ এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়, যা তার দীর্ঘদিনের ধারণা ও বিশ্বাসকে বড় প্রশ্নের মুখে দাঁড় করায়। তখন তাকে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয়। ক্ষমতা, ন্যায়বিচার এবং ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতি গল্পে নানান নাটকীয়তার জন্ম দেয়।
এশা আশা প্রকাশ করেছেন, সব মিলিয়ে সিনেমাটি তাঁর অভিনয় জীবনের অন্যতম একটি ব্যতিক্রমী কাজ হিসেবে বিবেচিত হবে এবং দর্শকের মনে বিশেষ ছাপ ফেলবে।
উল্লেখ্য, একুশ শতকের শুরুর দিকে বলিউডে পা রাখা সম্ভাবনাময়ী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন এশা দেওল। ‘কোই মেরে দিল ছে পুছে’, ‘না তুম জানো না হাম’, ‘ক্যায়া দিলনে কাহা’, ‘যুবা’, ‘ধুম’, ‘নো এন্ট্রি’, ‘দশ’, ‘সাদি নাম্বার ওয়ান’ ও ‘পেয়ারে মোহন’-এর মতো জনপ্রিয় বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের মনে আলাদা স্থান করে নিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে বিয়ে, সংসার ও পারিবারিক ব্যস্ততার কারণে অভিনয় থেকে দূরত্ব তৈরি হয় তাঁর। অবশেষে আরও পরিণত অভিনয়ের প্রতিশ্রুতি নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন এই অভিনেত্রী।






