উপকূলের মানুষের সংকট ইশতেহারে অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি রাজনৈতিক নেতাদের

1 min read 2 words 95 views

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সংকট নিরসনে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় রাজনৈতিক অঙ্গীকার এখন সময়ের দাবি।

রোববার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলের মানুষের সংকট নিরসনে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ইশতেহারে সংযুক্তি’ শীর্ষক নাগরিক সংলাপে এসব কথা বলেন নেতারা।

সংলাপে বিএনপির নেতা নাহিদুল খান বলেন, জলবায়ু পরিবর্তন শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সংকট। তবে এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে উপকূলীয় জনগোষ্ঠী। তিনি বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনগণ, এরপর জল এবং জমি। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও লবণাক্ততার মতো সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়—এটাই আজকের আলোচনার মূল বিষয়।” তিনি অভিযোগ করেন, গত কয়েক দশকে ক্ষমতাসীন সরকারগুলো উপকূলের প্রতি যথাযথ মনোযোগ দেয়নি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগরের নেতা মোহম্মদ ওয়াহিদ আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত উপকূল সংকটকে কেন্দ্র করে। তিনি জানান, উপকূলীয় এলাকার সংসদ সদস্যরা যেন সেখানকার মানুষের পক্ষে সংসদে সোচ্চার ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যে দলীয়ভাবে কাজ করা হবে। তিনি বলেন, “সরকারে কিংবা বিরোধী দলে—সব রাজনৈতিক দলকে একসঙ্গে জলবায়ু সংকট মোকাবিলা করতে হবে।”

বাসদ (মার্কসবাদী) নেত্রী সীমা দত্ত বলেন, বড় দুর্যোগের সময় উপকূলের মানুষের দুঃখ-কষ্ট দৃশ্যমান হলেও পরবর্তীতে তা আড়ালে চলে যায়। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সমস্যা নয়, বরং নিজেদের স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী থাকে। তিনি বলেন, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সুন্দরবন ও উপকূলীয় জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, যা জাতীয় অর্থনীতির জন্যও ক্ষতিকর।

গণসংহতি আন্দোলনের নেতা মনির উদ্দিন পাপ্পু জানান, তাদের দল জলবায়ু ও স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে কাজ করছে। তিনি বলেন, “উপকূলের সংকট কাটাতে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে, যা আমরা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব এবং নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করব।”

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলের নারী, শিশু ও শ্রমজীবী মানুষ। তিনি সুন্দরবন ধ্বংস, নদী দখল ও দূষণের সমালোচনা করে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিকভাবে প্রাপ্ত অর্থের সঠিক ব্যবহার হয়নি। তিনি জলবায়ু তহবিলের অর্থ কোথায় গেছে, তার জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ। সংলাপে অংশ নেওয়া নেতারা একমত পোষণ করে বলেন, উপকূলের মানুষের সংকট আর উপেক্ষা করার সুযোগ নেই। এই সংকট সমাধানে রাজনৈতিক সদিচ্ছা ও বাস্তবভিত্তিক প্রতিশ্রুতিই পারে উপকূলবাসীর ভবিষ্যৎ নিরাপদ করতে।

Related Articles

হাইনান এক্সপো ২০২৬ থেকে বাংলাদেশের প্রেক্ষাপট: বৈশ্বিক বাণিজ্য ও উদ্ভাবনের প্রবেশদ্বার

1 min read 34 words 584 views ষষ্ঠ চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা (হাইনান এক্সপো ২০২৬) আমি মোঃ জাহিদ হাসান নিরব চীন কৃষি বিশ্ববিদ্যালয় (সানিয়া ইনস্টিটিউটের)…

পুর্নজন্ম কি বৈজ্ঞানিক ভাবে সম্ভব? — একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ

1 min read 153 words 4.7K views মানব ইতিহাস জুড়ে মানুষের মৃত্যু ও মৃত্যুর পর কী হয়—এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বহু ধর্ম, দর্শন ও…

নিজেদের বদলান, নয়তো জনগণই আপনাদের বদলিয়ে দিবে

1 min read 2 words 125 views লিটন হোসাইন জিহাদ: বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের যে ঢেউ আজ স্পষ্ট, তা আর কেবল সাময়িক উত্তালতা নয়; এটি গভীর…

জুলাই বিপ্লবের সাদিম কায়েম এর যে কাহিনী সবার জানা প্রয়োজন

1 min read 5 words 3.4K views জুলাই বিপ্লব নিয়ে ইয়েনি সাফাককে (তুরস্কের গণমাধ্যম) একটি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই বিপ্লবের নেতা সাদিক কায়েম। তিনি ব্যাখ্যা করছেন,…

নারীর যৌনস্বাস্থ্য নিয়ে ভ্রান্ত ধারণা ভাঙার সময়—সত্য জানুন, স্বাভাবিকতাকে গ্রহণ করুন

1 min read 2 words 357 views নারীর শরীর, বিশেষ করে যৌনস্বাস্থ্য বিষয়ক আলোচনা আমাদের সমাজে এখনো এক ধরনের ভুল বোঝাবুঝি ও লজ্জার বেড়াজালে আটকে…

Responses