POTHIKTV

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সঞ্জয় দেব

ফিফা বিশ্বকাপের মঞ্চ মাতানোর পর এবার বাংলাদেশে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে সঞ্জয় দেব।

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সঞ্জয় দেব

Entertainment ডেস্ক: ৩০ অক্টোবর ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ন

ফিফা বিশ্বকাপ মঞ্চে পারফর্ম করার পর এবার বাংলাদেশের দর্শকদের সরাসরি গান ও সংগীত শোনাতে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন।

সম্প্রতি এক বিশেষ ভিডিওবার্তার মাধ্যমে নিজেই বাংলাদেশে আসার এই বিষয়টি নিশ্চিত করেছেন সঞ্জয়। দীর্ঘদিন পর দেশের মাটিতে দর্শকদের সামনে পারফর্ম করার সুযোগ পেয়ে গভীর আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী।

বাংলাদেশে আসা এবং পারফর্ম করার অনুভূতি ব্যক্ত করে সঞ্জয় দেব জানান, ফিফার আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করা তাঁর সংগীতজীবনের জন্য অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার আনন্দ এবং অনুভূতি পুরোপুরি আলাদা। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজনে সবার সঙ্গে সেই উচ্ছ্বাস ভাগ করে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পাশাপাশি তাঁকে বাংলাদেশে নিয়ে আসার সুযোগ তৈরি করে দেওয়ায় টেকনোর প্রতি ধন্যবাদ জানান তিনি।

সঞ্জয় দেবের আগমন নিয়ে কথা বলেছেন আয়োজক প্রতিষ্ঠান টেকনো বাংলাদেশের কর্মকর্তারাও। আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক জানান, সঞ্জয় দেব নিজের শিকড়ের সম্পর্ক বজায় রেখেই তাঁর সংগীতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মতো বড় আসরে তাঁকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আয়োজক প্রতিষ্ঠান হিসেবে তারা অত্যন্ত আনন্দিত।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল এতে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ফুটবলপ্রেমী ও দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা যোগ করবে উদ্বোধনী আসরের এই সাংস্কৃতিক পরিবেশনা।

সূত্র: সমকাল
0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Entertainment →