সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি গ্রেফতার, ৮ হাজারেরও বেশি বহিষ্কার
সৌদি আরবে রেসিডেন্সি, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৩ হাজার ৩৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৮ হাজার ৮৭৫ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

World ডেস্ক: ১ নভেম্বর ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন
সৌদি আরবে রেসিডেন্সি, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত এক সপ্তাহের অভিযানে ১৩ হাজার ৩৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন দেশের ৮ হাজার ৮৭৫ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত বা দেশত্যাগ (ডিপোর্ট) করানো হয়েছে।
সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনের বরাতে জানা গেছে, ২০২৬ সালের ২২ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৮৮০ জন আবাসন বা রেসিডেন্সি (ইকামা) আইন লঙ্ঘন করেছেন। এছাড়া ৩ হাজার ৫০০ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা এবং ২ হাজার ৯৭৭ জন শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৪৪৬ জনকে আটক করা হয়। অন্যদিকে সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী কোনো দেশে অবৈধভাবে পালানোর চেষ্টাকালে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
অবৈধ অভিবাসীদের যাতায়াত, আবাসন, কর্মসংস্থান বা আশ্রয় প্রদানে জড়িত থাকার অভিযোগে আরও ১২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সৌদি আরবে অবৈধ অভিবাসীদের যেকোনো ধরনের সুবিধা প্রদান করা আইনত দণ্ডনীয় অপরাধ। এমন অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান চালু রয়েছে দেশটিতে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কোনো ব্যক্তি যদি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কাউকে সৌদি আরবে প্রবেশ করতে সহায়তা করেন, তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।
কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং পরিবহনে ব্যবহৃত যানবাহন ও ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করার শাস্তি পেতে হতে পারে।






