নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, মাদক ও চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ২৩

নরসিংদীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে নরসিংদী মডেল থানা ও মাধবদী থানা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, […]

নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, মাদক ও চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ২৩

নরসিংদীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে নরসিংদী মডেল থানা ও মাধবদী থানা এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, নরসিংদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কাউরিয়াপাড়া এলাকা থেকে হৃদয় (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের সময় ৯টি চায়না রাইফেলের গুলি, একটি শর্টগানের গুলি, একটি বাঁকানো চাপাতি ও দুটি ধারালো ছোড়া উদ্ধার করা হয়।

এ ছাড়া বানিয়াছল এলাকা থেকে হেলাল (১৯) ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয় আঃ সামাদ (৩০), কামাল হোসেন (৩২), শাহীন (৩৩) ও সাব্বির হোসেন (২৪) নামে চারজনকে।
অন্যদিকে, ডাকাতির প্রস্তুতি মামলায় তিনজন, চুরি মামলায় একজন এবং অন্যান্য অপরাধে আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসাদুজ্জামান (৩৫), আলী হোসেন (৩০), নাদির (৩২) ও হাবিবুর রহমান হাবিব (৪২)। মাধবদীর ছোট রাইনাদী এলাকায় তিতাস গ্যাস অফিসের পূর্ব পাশে একটি ভাঙারির দোকানের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0
0 comments·0 shares

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের উল্লেখযোগ্য সংবাদ

Community →