নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে পৃথক অভিযানে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিন অকেজো করার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে অভিযান চালায় […]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে পৃথক অভিযানে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিন অকেজো করার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে অভিযান চালায় উপজেলা ভূমি প্রশাসন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। পরে পুনরায় মাটি কাটার কার্যক্রম বন্ধ রাখতে ঘটনাস্থলে থাকা ভেকু মেশিনের ইঞ্জিন ও জ্বালানি সরবরাহের সংযোগস্থল অকেজো করে দেওয়া হয়।
অন্যদিকে, একই ইউনিয়নের নান্দুয়া এলাকায় পৃথক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় অপরাধের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে মাটি কাটার কারণে কৃষিজমি, পরিবেশ ও গ্রামীণ সড়ক মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। এ অবস্থায় উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
